বাংলাদেশের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন দীর্ঘমেয়াদে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, বৈঠকে শি জিনপিং বাংলাদেশের উন্নয়নযাত্রায় দীর্ঘমেয়াদি সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে। দুই দেশের সম্পর্ক সাময়িক নয়, বরং এটি দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতে আরও এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, অর্থনৈতিক রূপান্তর, আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট। পাশাপাশি তার নেতৃত্বের প্রতিও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও জানান, ব্রিকস (BRICS)-এ বাংলাদেশের যোগদান, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) অংশীদার হওয়া এবং আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP) নিয়ে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। এসব উদ্যোগ বাংলাদেশের জন্য বৃহত্তর আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির তৃতীয় সর্বোচ্চ সদস্য ঝাও লেজির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, পানি ও নদী ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হুমায়ুন কবিরের ভাষ্য, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করলে তারা গ্লোবাল সাউথের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বকারী শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে পারবে। তিনি আরও জানান, সফরে চীনা ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে রেয়াতি ঋণ ও অনুদান নিয়েও আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, বিশ্বজুড়ে অনুদানভিত্তিক অর্থায়ন কমে এলেও চীন বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সফরের মূল্যায়নে তিনি বলেন, এটি শুধু একটি ঐতিহাসিক সফর নয়, বরং বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। তার মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে আরও গ্রহণযোগ্যতা পেয়েছে।